নোয়াখালীতে কৃষি জমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

নোয়াখালীর চাটখিলে অবৈধভাবে কৃষি জমির উর্বর উপরিভাগের মাটি কেটে বিক্রির অভিযোগে হারুন অর রশিদ নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২২ জানুয়ারি) সকালে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আকিব ওসমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের শোল্যা গ্রামে অভিযান চালানো হয়। এ সময় এক্সকাভেটরের সাহায্যে আবাদি জমির মাটি কেটে ট্রাকে করে বিক্রির প্রমাণ পাওয়া যায়। অভিযানের পর পাল্লা গ্রামের আবুল হোসেনের ছেলে হারুন অর রশিদকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আকিব ওসমান বলেন, "কৃষি জমির মাটি কেটে বিক্রি করা একটি গুরুতর অপরাধ। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুসারে এ জরিমানা করা হয়েছে। কৃষি জমির টপসয়েল কর্তন বন্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে।"

অভিযানের সময় চাটখিল থানার পুলিশ সহযোগিতা করে।

Post a Comment

0 Comments