নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পাওনা টাকা চাওয়ার জেরে এক কিশোর ছুরিকাঘাতে নিহত হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার। তবে পুলিশ এখনো হত্যার কারণ নিশ্চিত করতে পারেনি।
নিহত মো. আব্দুর রহমান হৃদয় (২৪) চৌমুহনী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের হাজীপুর এলাকার সওদাগর বাড়ির বাসিন্দা মো. সেলিমের ছেলে। তিনি পেশায় একজন ফার্নিচার মিস্ত্রি ছিলেন।
গতকাল শনিবার (১৮ জানুয়ারি) রাত পৌনে ১২টার দিকে চৌমুহনী পৌর ভূমি অফিসের সামনে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতের ছোট ভাই মো. রিফাত জানান, হৃদয়ের বন্ধু আশিকের কাছ থেকে কয়েকদিন আগে বাবু (৩৫), গোলাবাড়ি এলাকার মুরি বাড়ির বাসিন্দা, পাঁচ হাজার টাকা ঋণ নেন। কিন্তু বাবু টাকা ফেরত দিতে তালবাহানা করতে থাকেন। এ নিয়ে বিষয়টি আশিক বাবুর বড় ভাই রনিকে জানালে বাবু ক্ষিপ্ত হন।
এর জেরে গতকাল রাতে বাবু, আশিকের বন্ধু হোসেন ও সাগরকে ধরে নিয়ে আটকে রেখে মারধর করেন। খবর পেয়ে হৃদয় তার সমবয়সী কাকা রাসেলকে সঙ্গে নিয়ে তাদের উদ্ধারে যান। চৌমুহনী পৌর ভূমি অফিসের সামনে পৌঁছালে বাবুর সঙ্গে তাদের দেখা হয়। তখন হঠাৎ বাবু হৃদয়কে ছুরিকাঘাত করেন এবং একই সঙ্গে রাসেলকেও আঘাত করেন।
স্থানীয়রা দ্রুত আহত হৃদয় ও রাসেলকে উদ্ধার করে প্রথমে চৌমুহনী লাইফ কেয়ার হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক হৃদয়কে মৃত ঘোষণা করেন।
চৌমুহনী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) খোকন চন্দ্র ঘোষ জানান, হৃদয়ের মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত রাসেল চিকিৎসাধীন আছেন। হত্যার পেছনের কারণ খুঁজে বের করতে পুলিশ কাজ করছে। নিহতের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
0 Comments