নোয়াখালীর কবিরহাট উপজেলার ৭নং বাটইয়া ইউনিয়নের দয়ারামদি মৌজার ৩৮২ শতাংশ ফসলি জমি জোরপূর্বক দখল করে গড়ে তোলা একতা ব্রিকস ম্যানুফ্যাকচারিং ইটভাটা পুনরায় চালু করার অভিযোগ উঠেছে। জমির মালিকেরা এই ইটভাটার দখলমুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন।
মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে বাটইয়া ইউনিয়নের হাফেজ বাড়িতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
জমির মালিক তাজউদ্দিন অভিযোগ করেন, প্রায় ১৫ বছর ধরে আনোয়ার হোসেন মিরণ তার মালিকানাধীন চাষযোগ্য ৩৮২ শতাংশ জমি জোরপূর্বক দখল করে ইটভাটা চালাচ্ছেন। প্রশাসন গত ২৮ দিন আগে অভিযান চালিয়ে ইটভাটার চিমনি ভেঙে দেয়। কিন্তু গত চারদিন ধরে প্রশাসনের নাম ভাঙিয়ে নতুন চিমনি তৈরি করে ইট পোড়ানো হচ্ছে।
তাজউদ্দিন আরও বলেন, “আমি জমি ফেরত চাইলে আনোয়ার হোসেন মিরণ আমাকে ও আমার পরিবারকে প্রাণনাশের হুমকি দেন। ইটভাটাটি চালানোর কোনো সরকারি অনুমোদন বা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। এলাকাবাসী দীর্ঘদিন ধরে এই ইটভাটার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ জানিয়ে আসছে।”
এ বিষয়ে জানতে চাইলে একতা ব্রিকস ম্যানুফ্যাকচারিংয়ের মালিক আনোয়ার হোসেন মিরণ বলেন, “আমি জমির মালিকদের কাছে কিছু মাস সময় চেয়েছি। এর মধ্যে ইটভাটা নিজেই বন্ধ করার প্রস্তুতি নিচ্ছি। তবে, পারিবারিক বিরোধের কারণে আমি প্রতিহিংসার শিকার হচ্ছি।”
কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ সরওয়ার উদ্দীন বলেন, “এই ইটভাটা যে অবৈধ, তা সকলের জানা। কিছুদিন আগে চিমনি ভেঙে দেওয়া হয়েছিল। তবে নতুন করে ইট পোড়ানোর খবর পেয়েছি। পুনরায় অভিযান চালানো হবে।”
0 Comments