নোয়াখালীর চাটখিল উপজেলায় ফসলি জমি থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে এ তথ্য নিশ্চিত করেন চাটখিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আকিব ওসমান। এর আগে, একই দিন বিকেলে উপজেলার রামনারায়নপুরের বৈকুন্ঠপুর এলাকায় তার নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত রামনারায়নপুরের বৈকুন্ঠপুর এলাকায় ফসলি জমি থেকে দুটি ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের খবর পায়। ওই খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে রামনারায়নপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বৈকুন্ঠপুর গ্রামের মৃত নুর নবীর ছেলে মাসুদ আলীকে ফসলি জমি থেকে বালু উত্তোলন করে বিক্রির দায়ে এক লাখ টাকা জরিমানা করা হয়।
চাটখিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আকিব ওসমান বলেন, ড্রেজার দিয়ে ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা আইন Violation হিসেবে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে। কৃষিজমির মাটি কর্তন ও কৃষি জমি থেকে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। অভিযানের সময় ঘটনাস্থল থেকে দুটি ড্রেজার মেশিন অপসারণ করা হয়।
এ সময় চাটখিল থানার একদল পুলিশ ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা প্রদান করে।
0 Comments