নোয়াখালীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

নোয়াখালীর সদর উপজেলায় উপকূল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছেন।

নিহত যুবকের নাম দেলোয়ার হোসেন (৩৪)। তিনি সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নের বাতেন মাস্টারের বাড়ির বাসিন্দা জহির উদ্দিনের ছেলে।

ঘটনাটি ঘটে শুক্রবার (৬ ডিসেম্বর) রাত ১০টার দিকে দত্তেরহাট সংলগ্ন আহমদিয়া স্কুল এলাকার কাছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে ঢাকা থেকে নোয়াখালীর সোনাপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে উপকূল এক্সপ্রেস ট্রেন। মাইজদী স্টেশন হয়ে ট্রেনটি সোনাপুরের পথে দত্তেরহাট সংলগ্ন আহমদিয়া স্কুল এলাকায় পৌঁছালে দেলোয়ার হোসেন ট্রেনে কাটা পড়েন। এতে তার একটি পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সোনাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. নাছির জানান, খবর পেয়ে পুলিশ ও জিআরপি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। জিআরপি পুলিশ মরদেহ উদ্ধার করেছে। পরবর্তীতে নিহতের পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Post a Comment

0 Comments