নোয়াখালীতে কৃষককে কোদালের ডান্ডা দিয়ে পিটিয়ে হত্যা

নোয়াখালীর বেগমগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে এক কৃষককে কোদালের ডান্ডা দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

নিহত মো. নুরুল হক বাবুল (৬০) উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের লেদির বাড়ি এলাকার মৃত আনোয়ার উল্যার ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।

ঘটনাটি ঘটে শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে মিরওয়ারিশপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাঁশতলা এলাকায়।

নিহতের ছেলে নুরুল আমিন স্বপন অভিযোগ করে বলেন, গত ১৩ বছর ধরে আমাদের বাড়ির সামনের ৩৩ শতাংশ জমি নিয়ে প্রতিবেশী মুন্নার সঙ্গে বিরোধ চলে আসছে। কিছুদিন আগে সামাজিক সালিশি বৈঠকে এ বিরোধ মীমাংসা করা হয়। সালিশির রায়ে আমাদের ১০ শতাংশ জমি এবং মুন্নার ২৩ শতাংশ জমি নির্ধারণ করা হয়। তবে মুন্না ওই সিদ্ধান্ত মানতে অস্বীকৃতি জানায়।

শুক্রবার বিকেলে মুন্না আমাদের অংশের জমি দখল করে দেয়াল নির্মাণ শুরু করলে খবর পেয়ে আমি ও আমার বাবা ঘটনাস্থলে যাই। সেখানে মুন্না, রাব্বি, রনি, নজরুল, জাহাঙ্গীর এবং নুরুল হুদা আমাদের বাধা দেয় এবং বাবার সঙ্গে হাতাহাতি শুরু করে। একপর্যায়ে কোদালের ডান্ডা দিয়ে বাবার কাঁধে আঘাত করা হয়। এতে তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌমুহনী প্রাইম হাসপাতালে নিয়ে গেলে বিকেল ৫টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কাজী জাকারিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে রাত সাড়ে ৮টার দিকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয় এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়। প্রাথমিকভাবে মরদেহে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিটন দেওয়ান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Post a Comment

0 Comments