Noakhali / নোয়াখালী
প্রবাসী ভাইকে হত্যার হুমকির অভিযোগ সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে
নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক প্রবাসী ভাইকে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে সাবেক ছাত্রলীগ নেতা আব্দুর রহিমের বিরুদ্ধে। এ ঘটনায় মারধরের শিকার প্রবাসী রুহুল আমিন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী রুহুল আমিন (৩৬) কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের গনু দফাদার বাড়ির সাহাব উল্যার ছেলে এবং বর্তমানে ডুবাই প্রবাসী। অভিযুক্ত আব্দুর রহিম (৩২) চরকাঁকড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি।
লিখিত অভিযোগ এবং ভুক্তভোগী সূত্রে জানা যায়, রুহুল আমিন ২০০৮ সালে জীবিকার তাগিদে ডুবাই পাড়ি দেন এবং সেখানে থাকা অবস্থায় মায়ের অ্যাকাউন্টে টাকা পাঠাতেন। কিন্তু ২০২৪ সালে দেশে ফিরে এসে তিনি জানতে পারেন, সাবেক ছাত্রলীগ নেতা আব্দুর রহিম তার পাঠানো টাকা গুলো নিজের ইচ্ছামতো ব্যয় করেছেন এবং কোন হিসাব দেননি।
অভিযোগে আরও বলা হয়, ছাত্রলীগ নেতা রহিম তার প্রভাব খাটিয়ে সমাজের অনেক মানুষকে হয়রানি করেছেন, এবং বর্তমানে রুহুল আমিন ও তার পরিবারকে হত্যার হুমকি দিচ্ছেন। ২০১৫ সালে, বড় ভাই বেলাল হোসেনকে চুরির মিথ্যা অপবাদ দিয়ে তার সম্পত্তি জোরপূর্বক দখল করেন। এছাড়া, গত এক মাস ধরে রহিম তার ভাইদের ওয়ারিশী সম্পত্তি দখল করার চেষ্টা করছেন এবং রুহুল আমিনের স্ত্রীকে টাকা চুরির মিথ্যা অভিযোগ এনে ঘর থেকে বের করে দেওয়ার চেষ্টা করেছেন।
এ বিষয়ে যোগাযোগ করা হলে, সাবেক ছাত্রলীগ নেতা আব্দুর রহিম তার মুঠোফোনে কল রিসিভ করেন, তবে তিনি কোনো মন্তব্য করেননি। তবে জানা গেছে, আওয়ামী সরকারের পতনের পর তিনি আত্মগোপন করেছেন।
কোম্পানীগঞ্জ থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) মো. আলাউদ্দিন জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন, ছাত্রলীগ নেতার প্রভাব খাটানোর কিছু সত্যতা পাওয়া গেছে, তবে অন্যান্য অভিযোগ মিথ্যা বলে নাকচ করেছেন অভিযুক্ত ছাত্রলীগ নেতার মা। পুলিশ তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
0 Comments