নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মেঘনা নদীতে জোয়ারের পানিতে ভেসে এসেছে বিশালাকৃতির একটি তিমি।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলার কাঠালিয়া এলাকার মেঘনা নদীতে তিমিটি অবমুক্ত করা হয়। এর আগে, একই দিন সকালে উপজেলার চর আতাউরের ডুবোচরে তিমিটি দেখতে পান স্থানীয়রা। তিমি ভেসে আসার খবর পেয়ে সাধারণ লোকজন ভিড় জমায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দিবাগত রাতে জোয়ারের পানিতে তিমিটি চর আতাউরের ডুবোচরে এসে আটকা পড়ে। সকালে স্থানীয় জেলেরা দেখতে পান, প্রায় ৫০ মণ ওজনের তিমিটি কাদা পানিতে আটকে রয়েছে। খবর পেয়ে কোস্টগার্ডের একটি দল ঘটনাস্থলে পৌঁছে এবং জেলেদের সহযোগিতায় তিমিটিকে উদ্ধার করে মেঘনা নদীতে ছেড়ে দেয়। তবে বারবার নদীতে নামিয়ে দেওয়ার পরেও তিমিটি তীরে ফিরে আসে। পরে, গভীর পানিতে নিয়ে তিমিটিকে সফলভাবে অবমুক্ত করা হয়।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সাব্বির আহমেদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, "তিমিটি জীবিত অবস্থায় ছিল, তবে লেজের দিকে কিছুটা আহত ছিল। ধারণা করা হচ্ছে, এটি দলছুট হয়ে ছোট নদীতে এসে আটকা পড়েছিল।"
0 Comments