নোয়াখালীর হাতিয়া উপজেলার মেঘনা নদীতে মাছ ধরতে যাওয়ার পথে একটি নৌকা ডুবির ঘটনা ঘটে। এতে দুই জেলের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, এবং ২০ জন জেলেকে জীবিত উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ রয়েছে দুই জেলে।
শুক্রবার (৬ ডিসেম্বর) ভোর রাতের দিকে বুড়িরচর ইউনিয়নের বুড়ির দোনা ঘাটের দক্ষিণে মেঘনা নদীতে এই নৌকা ডুবির ঘটনা ঘটে।
নিহত জেলেরা হলেন বুড়িরচর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কালির চলের প্রয়াত আব্দুল আলীর ছেলে আবুল হাসেম (৫০) এবং একই এলাকার মো. মোস্তফার ছেলে মো. জুয়েল (২৭)। তারা মামা-ভাগিনা।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত ২৪ জন জেলে নিয়ে স্থানীয় রবিউল মাঝির একটি নৌকা বুড়ির দোনা ঘাটের দক্ষিণে মেঘনা নদীতে বেহুন্দী জাল বসাতে যায়। আজ শুক্রবার ভোরে নৌকাটি ডুবোচরের সাথে ধাক্কা খেয়ে উল্টে যায়। এ সময় ২০ জন জেলে সাঁতরে তীরে উঠে আসতে সক্ষম হলেও ৪ জন জেলে নৌকায় থেকেই যান। পরে স্থানীয় জেলেরা নৌকার ভেতর থেকে আবুল হাসেম ও মো. জুয়েলের মরদেহ উদ্ধার করেন। নিখোঁজ অপর দুই জেলে দেলোয়ার ও ইরানকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। এই ঘটনায় নিহত জেলেদের গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।
নলচিরা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ টিটু কুমার নাথ জানান, খবর পেয়ে নৌপুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছায়। নিহত জেলেদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং নিখোঁজ জেলেদের উদ্ধারের জন্য চেষ্টা চালানো হচ্ছে।
0 Comments