ডিপিডিসির সার্ভিস রুলস থেকে মেধাভিত্তিক পদোন্নতি বাতিলের অভিযোগ

 

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) অভ্যন্তরীণ বিরোধের মুখে পড়েছে। প্রতিষ্ঠানের সার্ভিস রুলস পরিবর্তনের প্রস্তাব ঘিরে মেধাভিত্তিক পদোন্নতি বাতিলের চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে, যা কর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।

সূত্র অনুযায়ী, সার্ভিস রুলস পরিবর্তনের নামে মেধাভিত্তিক পদোন্নতি বাতিলের জন্য চাপ দেওয়া হচ্ছে। ডিপিডিসিতে বর্তমানে মেধাভিত্তিক প্রমোশন পদ্ধতি কার্যকর থাকলেও কিছু কর্মকর্তা ব্যক্তিগত স্বার্থে এটি বাতিল করার চেষ্টা করছেন। অভিযোগ অনুযায়ী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুহেনা মোস্তফা কামাল এই উদ্যোগের পেছনে রয়েছেন। তিনি ২০২১ সাল থেকে চিফ ইঞ্জিনিয়ার (নর্থ) পদে রয়েছেন এবং তার প্রভাবের কারণে চিফ ইঞ্জিনিয়ার পদে অন্য কর্মকর্তারা আসতে পারছেন না।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা অভিযোগ করেন যে, আবু হেনার প্রভাবের কারণে ডিপিডিসি কর্তৃপক্ষ একটি কমিটি গঠন করেছে, যার উদ্দেশ্য সার্ভিস রুলস পরিবর্তন করা। আশ্চর্যজনকভাবে, এই কমিটিতে কোনো শ্রমিক সংগঠনের প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করা হয়নি, যা নিয়ে কর্মীদের মধ্যে ব্যাপক আপত্তি রয়েছে।

এক কর্মচারী বলেন, "বর্তমান সরকারকে অস্থির করতে এই বিশেষ দল চেষ্টা চালাচ্ছে। তাদের মূল লক্ষ্য প্রতিষ্ঠানকে অস্থিতিশীল করা, যা ডিপিডিসিতে ওপেন সিক্রেট হয়ে উঠেছে।"

কমিটির প্রস্তাবে মেধাভিত্তিক প্রমোশন বাতিল করে শুধুমাত্র জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রমোশন দেওয়ার প্রস্তাব রয়েছে। অভিযোগ করা হয়েছে যে, আবু হেনা নিজেই একটি জ্যেষ্ঠতার তালিকা তৈরি করে প্রমোশনের চেষ্টা করছেন। চিফ ইঞ্জিনিয়ারের মতো গুরুত্বপূর্ণ পদ খালি থাকা সত্ত্বেও প্রমোশন আটকে রাখা হয়েছে তার আপত্তির কারণে।

সাবেক ডেসা থেকে আগত কর্মকর্তাদের প্রাধান্য দিয়ে নতুন জ্যেষ্ঠতা তৈরি করা এবং আইসিটি ক্যাডারে প্রমোশন কোটার হার কমিয়ে আনার প্রস্তাবও করা হয়েছে, যা ডিপিডিসিতে তীব্র অসন্তোষ সৃষ্টি করেছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, মেধাভিত্তিক প্রমোশন পরিবর্তনের পেছনে কাদের স্বার্থ রয়েছে তা খতিয়ে দেখা উচিত। ডিপিডিসিতে এই ধরনের পরিবর্তন চালু হলে পুরো পাওয়ার সেক্টরে তার প্রভাব পড়তে পারে এবং বিদ্যুৎ খাতের স্থিতিশীলতায় বিরূপ প্রভাব ফেলতে পারে।

অভিযোগের বিষয়ে তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুহেনা মোস্তফা কামাল বলেন, "আমি নিজেও তিন বছর ধরে প্রমোশন পাইনি। প্রমোশন দেওয়ার দায়িত্ব আমার নয়। আমি কেবল ওই কমিটির সদস্য।"

ডিপিডিসি ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আবদুল্লাহ নোমান অভিযোগ নাকচ করে বলেন, "নিয়োগ ও পদোন্নতির বিষয়ে মন্ত্রণালয় থেকে নির্দেশনা এসেছে। প্রয়োজন অনুযায়ী সংশোধনের প্রস্তাব করা হয়েছে, এবং কমিটির সুপারিশের আলোকে ব্যবস্থা নেওয়া হবে।"

Post a Comment

0 Comments