নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫ জন

 

নোয়াখালীর সেনবাগ ও সোনাইমুড়ী এলাকায় পুলিশের অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গুলি এবং মাদকসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ অভিযানে ৫টি বিদেশি পিস্তল, ৮টি এলজি, ৪টি একনলা বন্দুক, ৯টি পিস্তলের ম্যাগাজিন, ২৭৭ রাউন্ড গুলি, ১২ কেজি গাঁজা এবং ২টি পিকআপ জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, চাটখিলের ছয়ানী টবগা গ্রামের বাদল হোসেন (২১), রুইতখালী গ্রামের মো. রবিন (২৮), সোনাইমুড়ীর দেওটি গ্রামের মো. বাহার (৩০), বেগমগঞ্জের হাজীপুর ইউনিয়নের আনোয়ার হোসেন (২৬) এবং কুমিল্লার বাগমারা উত্তর ইউনিয়নের মুরাদ হোসেন (২২)।

মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে নোয়াখালী পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ এসব তথ্য জানান। তিনি বলেন, সোমবার রাতে সেনবাগের সেবারহাট বাজার ও সোনাইমুড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জ মডেল থানা ও সেনবাগ থানা পুলিশ সেবারহাট সায়েদ প্লাজার সামনে নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কে চেকপোস্ট বসায়। রাত ১টার দিকে একটি পিকআপে ১২ কেজি গাঁজা সহ তিনজনকে আটক করা হয়। পরে রাত দেড়টার দিকে পিকআপের ভিতরে পলিথিনের প্যাকেটে লুকানো অবস্থায় ১০টি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

পরে গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা কিছুদিন আগে সোনাইমুড়ীর দেওটি গ্রামের এক ব্যক্তির কাছ থেকে আরও কিছু পিস্তল সরবরাহ করেছিল। তাদের দেওয়া তথ্যে ভিত্তিতে বাহারকে আটক করে তার ভাষ্য অনুযায়ী প্রবাসী জাফর মিয়ার বাড়ির রান্নাঘরে লুকানো ৯টি ম্যাগাজিন, ৫টি বিদেশি পিস্তল, ২টি দেশীয় তৈরি এলজি এবং ২৭৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি নেছার আহমেদ ও নোয়াখালী পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল ফারুক।

Post a Comment

0 Comments