বিএনপি নেতা তোতা হত্যা: দুই মাসেও আসামি গ্রেপ্তার হয়নি

 


নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরএলাহী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল মতিন তোতা হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং আসামিদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ করেছেন।  

আজ মঙ্গলবার (৫ নভেম্বর) বেলা ১১টার দিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন চরএলাহী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা মাস্টার, সাবেক সাধারণ সম্পাদক হোসেন মেম্বার, নিহতের ছেলে ও ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ইসমাইল তোতা এবং ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সবুজ তোতা প্রমুখ।  

বক্তারা অভিযোগ করেন, তোতা চেয়ারম্যান বিএনপির রাজনীতির সঙ্গে নিবিড়ভাবে জড়িত ছিলেন এবং জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাকে নির্মমভাবে হত্যা করা হলেও দুই মাসে কোনো আসামি গ্রেপ্তার হয়নি। এর ফলে পরিবারে হতাশা বিরাজ করছে। বরং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাজ্জাকের অর্থায়নে নিহত তোতার পরিবারের সদস্যদের মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। রাজ্জাক চেয়ারম্যানসহ তার সহযোগীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও আইনশৃঙ্খলা বাহিনী নীরব ভূমিকা পালন করছে।

কোম্পানীগঞ্জ থানার ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, এই হত্যাকাণ্ডের এক মাস পরে তিনি থানায় যোগ দেন এবং আসামিদের গ্রেপ্তারে প্রযুক্তির সহায়তা নেওয়া হচ্ছে। মামলাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, গত ২৭ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে চরএলাহী বাজারে একদল সশস্ত্র ব্যক্তি বিএনপি নেতা আবদুল মতিন তোতাকে কুপিয়ে গুরুতর আহত করে। চার দিন পর, ৩০ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Post a Comment

0 Comments