প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ, কনের জেঠাকে জরিমানা


নোয়াখালীর সোনাইমুড়ীতে প্রশাসনের দ্রুত পদক্ষেপে এক কিশোরী বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে।

শুক্রবার (৮ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার নাটেশ্বর ইউনিয়নের ঘোষকামতা গ্রামের আলম কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরিন আক্তারের নেতৃত্বে একটি দল সেখানে অভিযান চালিয়ে বিয়েটি বন্ধ করেন। এ সময় কনের জেঠাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়।

ইউএনও নাছরিন আক্তার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন রুবাইয়া আক্তার (১৫) নামে এক কিশোরীর বিয়ের আয়োজন চলছে। ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পেয়ে বিয়ে বন্ধ করে দেয়া হয়। পরে বাল্যবিবাহ নিরোধ আইনে কনের জেঠা মো. ফয়েজ উল্যাহকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় এবং মেয়ের বয়স ১৮ না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার জন্য মুচলেকা নেয়া হয়।

ইউএনও আরও জানান, ওই কিশোরীর বাবা প্রবাসে থাকেন। অভিযানে কিশোরীর বয়স প্রমাণের জন্য কাগজপত্র চাওয়া হলে পরিবারের পক্ষ থেকে তা দেখানো সম্ভব হয়নি।

Post a Comment

0 Comments