বিভিন্ন নাটকীয়তার অবসান ঘটিয়ে উচ্চ আদালতের রায়ের মাধ্যমে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার দল্টা ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন শিক্ষানুরাগী ওমর ফারুক শাকিল চৌধুরী।
গত ১৭ সেপ্টেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত অনুমোদনক্রমে একটি প্রজ্ঞাপনে দল্টা ডিগ্রি কলেজের সভাপতি হিসেবে ওমর ফারুক শাকিল চৌধুরী, বিদ্যোৎসাহী সদস্য হিসেবে মনির হোসেন এবং পদাধিকারবলে অধ্যক্ষকে সদস্য সচিব হিসেবে নির্বাচন করা হয়। তবে পরদিন ১৮ সেপ্টেম্বর, সভাপতি হিসেবে ওমর ফারুক শাকিল চৌধুরীর পরিবর্তে মুজিবুর রহমানের নাম উল্লেখ করে একটি সংশোধিত প্রজ্ঞাপন জারি করা হয়।
এই সিদ্ধান্তের পর, কমিটি ফিরে পেতে উচ্চ আদালতে রিট করেন ওমর ফারুক শাকিল চৌধুরী। ২৪ অক্টোবর শুনানি শেষে আদালত তাকে পুনরায় দল্টা ডিগ্রি কলেজের সভাপতি পদে পুনর্বহাল করার রায় দেন। রায় পাওয়ার পরপরই কলেজের সভায় যোগ দেন এডহক কমিটির সভাপতি ওমর ফারুক শাকিল চৌধুরী এবং কলেজের শিক্ষক, শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবক ও স্থানীয়দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
ওমর ফারুক শাকিল চৌধুরী বলেন, “আমাকে সভাপতি হিসেবে ঘোষণা করার পরদিন কলেজের নিয়মনীতি অমান্য করে আরেকটি কমিটি গঠনের প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। তাই আমি আদালতে রিট করি। আদালতের রায়ে পুনরায় সভাপতি পদ ফিরে পেয়েছি। আমার লক্ষ্য কলেজের সংকট নিরসন করে একটি সুন্দর শিক্ষার পরিবেশ তৈরি করা, এবং এ কাজে সবার সহযোগিতা কামনা করছি।”
0 Comments