ব্যবসায়ী অপহরণ করে চাঁদা দাবির অভিযোগ



নোয়াখালীর চাটখিলে এক ব্যবসায়ীকে অপহরণ করে ২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে স্থানীয় একদল সন্ত্রাসীর বিরুদ্ধে।

শনিবার (২৩ নভেম্বর) বিকেলে এ ঘটনায় অপহৃত ব্যবসায়ী মো. শাহজাহান বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে চাটখিল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এর আগে, শুক্রবার রাতে উপজেলার নোয়াখলা ইউনিয়নের হরহরিয়া গাছতলায় সড়কের ওপর এ ঘটনা ঘটে। খবর পেয়ে চাটখিল থানাধীন খিলপাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা রাম নারায়ণপুর ইউনিয়নের কবিরাজ বাড়ির সামনে থেকে ব্যবসায়ী শাহজাহানকে রাত ৯টার দিকে উদ্ধার করে।

শাহজাহান (৬০) ও তার ছেলে সাকিবুল হাসান (১৬) চাটখিল বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। রাত ৮টার দিকে নোয়াখলা গ্রামের হরহরিয়া গাছতলা এলাকায় পৌঁছালে রাম নারায়ণপুর গ্রামের হারুনুর রশিদ ও বাবুসহ ৬-৭ জন যুবক মোটরসাইকেলের গতিরোধ করে তাদের ওপর হামলা চালায়। পরে তাদের একটি সিএনজি চালিত অটোরিকশায় তুলে নিয়ে অজ্ঞাতস্থানে নিয়ে যায়।

অভিযুক্তরা সেখানে শাহজাহান ও তার ছেলেকে মারধর করে এবং ২ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে তাদের হত্যার হুমকি দেওয়া হয়। বিষয়টি জানার পর শাহজাহানের ছোট ভাই প্রবাসী গোলাম কিবরিয়া স্বপন স্থানীয়দের সহায়তায় চাটখিল থানা পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে রাম নারায়ণপুর এলাকার কবিরাজ বাড়ির সামনে থেকে আহত অবস্থায় শাহজাহানকে উদ্ধার করে।

চাটখিল থানার ওসি মো. ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, “শাহজাহানের সঙ্গে আরেক ব্যক্তির জায়গা ও টাকা লেনদেন নিয়ে বিরোধ চলছিল। তিনি অপহরণের অভিযোগ করেছেন। অন্যপক্ষও তার বিরুদ্ধে পাল্টা অভিযোগ দিয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে।”


Post a Comment

0 Comments