নোয়াখালীতে বিএনপি নেতার খুনিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ

 

 

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল মতিন তোতার খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী।

রোববার (২৪ নভেম্বর) বেলা ১১টা ৩০ মিনিটে নোয়াখালী জজ আদালতের সামনে নিহতের পরিবারের সদস্য ও স্থানীয়রা এই কর্মসূচি পালন করেন।

সমাবেশে বক্তব্য রাখেন চরএলাহী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হোসেন মেম্বার, সাবেক সাধারণ সম্পাদক আবুল খায়ের মাস্টার, সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা মাস্টার, নিহত তোতার ছেলে ও যুবদলের সাবেক সভাপতি ইসমাইল তোতা, এবং ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সবুজ তোতা।

বক্তারা বলেন, আবদুল মতিন তোতা চেয়ারম্যান বিএনপির দুর্দিনে নেতাকর্মীদের সংগঠিত রাখতে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। কিন্তু ৫ আগস্টের পরের পরিস্থিতিতে ফ্যাসিবাদী চক্র তাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে। হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার ১৩ জন আসামি আদালতে আত্মসমর্পণ করলেও পুলিশ এখনো একজন আসামিকেও গ্রেপ্তার করতে পারেনি। বরং মামলার প্রধান আসামি আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাককে বাঁচাতে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।

বক্তারা আরও অভিযোগ করেন, মামলার ১৭ জন আসামি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং তাদের ইন্ধনে তোতার পরিবারের সদস্যদের একের পর এক মিথ্যা মামলায় জড়ানো হচ্ছে।

কোম্পানীগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) আবদুস সুলতান এসব অভিযোগ অস্বীকার করে জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ আসামিদের ধরতে কাজ করছে এবং মামলাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, গত ২৭ আগস্ট রাতে চরএলাহী বাজারে একদল অস্ত্রধারী আওয়ামী কর্মী ও তাদের সহযোগীরা বিএনপি নেতা আবদুল মতিন তোতাকে কুপিয়ে গুরুতর জখম করে। চারদিন পর, ৩০ আগস্ট, তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

 

Post a Comment

0 Comments