বিদেশযাত্রা হলো না জাকিরের, মোটরসাইকেলের ধাক্কায় মৃত্যু


নোয়াখালীর কোম্পানীগঞ্জের চৌধুরীহাট ডিগ্রি কলেজের এক ছাত্র বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ হারিয়েছেন।

বুধবার (২০ নভেম্বর) দুপুরে ফেনী যুব প্রশিক্ষণ কেন্দ্রের সামনে দাগনভূঞা-ফেনী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাকির হোসেন (১৯) কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেহেরুন নেছা এলাকার আবুল হোসেনের ছেলে। তিনি চলতি বছর চৌধুরীহাট ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাস করেন।

নিহতের বন্ধু মুরাদুল ইসলাম জানান, বুধবার সকালে জাকির ও তার এক বন্ধু ফেনী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে গিয়েছিলেন। বিদেশ যাওয়ার প্রস্তুতির অংশ হিসেবে সেখানে তিন দিনের একটি প্রশিক্ষণ নিচ্ছিলেন জাকির। দুপুর পৌনে ১টার দিকে ক্লাস শেষে ফেরার পথে রাস্তা পারাপারের সময় বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে জাকির সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চৌধুরীহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শেখ সাদী বলেন, “জাকিরের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার স্বজন ও সহপাঠীদের আহাজারিতে শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়েছে।”

ফেনীর মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি বলেন, “জাকির ক্লাস শেষে রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় জড়িত মোটরসাইকেলটি পুলিশের হেফাজতে রয়েছে। চালক আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Post a Comment

0 Comments