নোয়াখালীর বেগমগঞ্জে নিখোঁজের ১০ দিন পর ওয়াপদা খাল থেকে এক বেদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত মো. খোকন হোসেন (৬৫) লক্ষ্মীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মজুপুর গ্রামের সর্দার বাড়ির আব্দুল ওহাবের ছেলে। তিনি বর্তমানে বেগমগঞ্জ উপজেলার আমানউল্লাপুর ইউনিয়নের বেদে পল্লীর পলোয়ানপুল এলাকায় বসবাস করতেন।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে আমানউল্লাপুর ইউনিয়নের ওয়াপদা খালে মরদেহটি পাওয়া যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত খোকন তিনটি বিয়ে করেছিলেন। তিনি তার ছোট স্ত্রীর সঙ্গে আমানউল্লাপুর ইউনিয়নের চরওয়াপদা খাল পাড়ে বসবাস করতেন। গত ১০ নভেম্বর তার স্ত্রী বেগমগঞ্জ থানায় নিখোঁজ ডায়েরি (জিডি) করেন। বুধবার দিবাগত রাত ১টার দিকে এক জেলে ওয়াপদা খালে মাছ ধরতে গিয়ে টর্চ লাইটের আলোতে একটি মরদেহ কচুরিপানার মধ্যে আটকে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) বখতিয়ার আলম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশ পঁচে যাওয়ায় শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল কিনা তা বোঝা যায়নি। নিহতের পরিবার ধারণা করছে, খোকন স্ট্রোকের রোগী ছিলেন এবং স্ট্রোকের কারণে খালে পড়ে গিয়ে আর উঠে আসতে পারেননি। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।
0 Comments