চাচীকে ধর্ষণে ব্যর্থ হয়ে কুপিয়ে হত্যা, ছাত্রলীগ নেতার ফাঁসির দাবিতে বিক্ষোভ

 

নোয়াখালীর বেগমগঞ্জে চাচীকে ধর্ষণে ব্যর্থ হয়ে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত ইমরান খান আকাশ ওরফে রাহুলের (১৯) ফাঁসির দাবিতে বিক্ষোভ করেছে ছাত্র ও যুবসমাজ।  

সোমবার (১১ নভেম্বর) দুপুর সাড়ে ১১টার দিকে নোয়াখালী প্রেসক্লাবের সামনের সড়কে এই কর্মসূচি পালিত হয়। পরে প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে নিহতের পরিবারের নিরাপত্তার দাবি জানান ভুক্তভোগীর মেয়ে ইসরাত জাহান ইসু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোবিপ্রবি সমন্বয়ক হাসিব আহমেদ আসিফ, নোয়াখালী জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফরহাদুল ইসলাম, এবং নোয়াখালী কলেজের ছাত্র আক্তারুজ্জামান তারেক।  

সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, মামলার ২ নম্বর আসামি নিলুফা জাহান রত্না জামিনে মুক্তি পেয়ে ভুক্তভোগী পরিবারকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন। এছাড়া অভিযুক্ত আকাশের জন্মনিবন্ধনে বয়স কমিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ তোলা হয়।  

উল্লেখ্য, গত ৩০ অক্টোবর রাতে কুতুবপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আবদুল্লাহপুর হাসপাতাল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পরে ২ নভেম্বর রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিহতের মৃত্যু হয়।  

অভিযুক্ত ইমরান খান আকাশ বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জাহাঙ্গীর আলম মানিকের ছেলে। তিনি ছাত্রলীগের নিষিদ্ধ ওয়ার্ড কমিটির সহ-সভাপতি ছিলেন।  

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান জানান, এ ঘটনায় মামলা নেওয়া হয়েছে এবং আসামি গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত শেষে পুলিশ আদালতে প্রতিবেদন দাখিল করবে।  

Post a Comment

0 Comments