Sonaimuri / সোনাইমুড়ি
বিএনপিতে সন্ত্রাসী ও চাঁদাবাজদের স্থান নেই: কাজী মফিজুর
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মো. মফিজুর রহমান বলেছেন, "বিএনপিতে সন্ত্রাসী ও চাঁদাবাজদের জন্য কোনো স্থান নেই। ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে নতুন করে আজকের বাংলাদেশ স্বাধীন হয়েছে।" তবে তিনি অভিযোগ করেন, "দুর্ভাগ্যজনক হলেও, আমরা সেনবাগে এর বিপরীত চিত্র দেখছি। সেনবাগের মানুষ শান্তিপ্রিয়।"
বুধবার (১৩ নভেম্বর) বিকেল ৫টায় উপজেলার সেনবাগ বাজারের থানা মোড়ে আয়োজিত এক গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই জমায়েত ও র্যালির আয়োজন করে সেনবাগ উপজেলা বিএনপি ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো।
কাজী মফিজুর আরও বলেন, "আমরা আশা করি সেনবাগের প্রশাসন তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবে। আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট নির্দেশ দিয়েছেন, দলের মধ্যে কোনো চাঁদাবাজ রাখা হবে না। তিনি শুধু সেনবাগে নয়, সারা বাংলাদেশে যাদের বিরুদ্ধে চাঁদাবাজির রেকর্ড আছে, তাদেরও দল থেকে বহিষ্কার করেছেন।"
তিনি আরও বলেন, "সেনবাগের সাধারণ মানুষ আগামী দিনে নেতৃত্বের পরিবর্তন চায়। সেনবাগে বিএনপির প্রাধান্য রয়েছে, এখানে কেউ অপরাধ করে ছাড় পাবে না।"
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নোয়াখালী জেলা বিএনপির উপদেষ্টা সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সেনবাগ পৌরসভা বিএনপির সদস্য সচিব কামাল উদ্দিন বাবুল, নোয়াখালী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বাহার, সেনবাগ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক ও জামাল উদ্দিন বাবলু, সেনবাগ উপজেলা বিএনপির সদস্য ডা. সৈয়দ নজরুল ইসলাম ফারুক প্রমুখ।
0 Comments