সুপারি নিয়ে বিরোধ: ভাতিজাদের হামলায় চাচার মৃত্যু


নোয়াখালীর সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজাদের মারধরে চাচা আবু ছায়েদের (৭০) মৃত্যুর অভিযোগ উঠেছে।  

শনিবার (২ নভেম্বর) দুপুর ১২টার দিকে দাদপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাকিমপুর গ্রামের আবু ছায়েদ মাস্টার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত আবু ছায়েদ ওই ইউনিয়নের মৃত মমিন উল্যার ছেলে এবং তিনি দাদপুর ইউনিয়ন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।  

নিহতের শালা ও নোয়ান্নই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাকিউল ইসলাম অভিযোগ করেন, জায়গাজমি নিয়ে আবু ছায়েদের সঙ্গে দীর্ঘদিন ধরে ভাতিজাদের বিরোধ চলছিল। দুপুরে তিনি বাড়ির একটি সুপারি গাছ থেকে সুপারি পাড়তে গেলে ভাতিজা হাসান ও হোসেন তাকে বাধা দেয়। এতে দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয় এবং এক পর্যায়ে ভাতিজারা তাকে মারধর করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে নিহতের স্বজনেরা ভাতিজা হাসানকে আটক করে পুলিশে সোপর্দ করেন।  

তবে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের জন্য একাধিকবার ফোন করা হলেও তাদের পাওয়া যায়নি।  

সুধারাম থানার ওসি কামরুল ইসলাম বলেন, নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। জমি সংক্রান্ত বিরোধে অনেক সময় তুচ্ছ বিষয়েও বড় ঘটনা ঘটে। মরদেহ ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।  

এক প্রশ্নের জবাবে ওসি আরও জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।


Post a Comment

0 Comments