Noakhali / নোয়াখালী
হাতিয়ায় ৩৬ জেলে আটক, এতিমখানায় দেওয়া হলো ১০ মণ ইলিশ
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অভিযোগে ৩৬ জন জেলেকে ট্রলারসহ আটক করেছে কোস্টগার্ড।
শুক্রবার (১ নভেম্বর) দুপুর পর্যন্ত মেঘনা নদীর তমরদ্দি লঞ্চঘাট, কাটার খাল, কুরালিয়া, জাহাজমারা, বেরির চর মুক্তারিয়া, এবং নিঝুম দ্বীপ এলাকায় এ অভিযান চালানো হয়।
কোস্টগার্ড জানায়, মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে গত ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ইলিশ আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুত ও বিনিময় নিষিদ্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা কার্যকর করতে বাংলাদেশ কোস্টগার্ড নিয়মিত অভিযান পরিচালনা করছে।
এ অভিযানে ৭০ লাখ মিটার নিষিদ্ধ জাল, ৪০০ কেজি ইলিশ, এবং দুটি কাঠের ট্রলারসহ ৩৬ জন জেলেকে আটক করা হয়। পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং ইলিশ মাছগুলো স্থানীয় মাদ্রাসা, এতিমখানা ও গরিব-দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়। আটক জেলেদের মুচলেকা নিয়ে ট্রলারসহ ছেড়ে দেওয়া হয়েছে।
কোস্টগার্ড দক্ষিণ জোন হাতিয়ার মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট সাব্বির রহমান জানান, মা ইলিশ রক্ষায় কোস্টগার্ডের অভিযান ৩ নভেম্বর পর্যন্ত চলবে।
0 Comments