২০ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন

 

 

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার বিভিন্ন স্থানে প্রায় ২০টি ইটভাটা গড়ে উঠেছে, যেখানে বেশিরভাগ ভাটায় পোড়ানো হচ্ছে কাঁচা কাঠ। এসব ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। 

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে সুবর্ণচরের সচেতন নাগরিক সমাজের উদ্যোগে উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আল আমিন সরকারকে স্মারকলিপি প্রদান করা হয়। 

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, এসব ইটভাটায় অবাধে ফসলি জমির মাটি ব্যবহার করা হচ্ছে, যা বনায়ন ধ্বংসের পাশাপাশি কৃষির ওপর ক্ষতিকর প্রভাব ফেলছে। কাঠ পোড়ানোর ফলে পরিবেশ দূষিত হচ্ছে এবং জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। দীর্ঘদিন ধরে এ ইটভাটাগুলো চললেও প্রশাসনের ভূমিকা নিয়ে স্থানীয়দের প্রশ্ন রয়েছে। ইটভাটাগুলো বন্ধে নিরূপায় হয়ে তারা মানববন্ধন, বিক্ষোভ এবং স্মারকলিপি জমা দিয়েছেন।

বক্তারা আরও জানান, ইটভাটায় গাছ, মাটি ও ইট পরিবহনের ট্রাক্টর ও পাওয়ার টিলারের কারণে গ্রামীণ সড়কগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। মাঝে মাঝে কিছু অভিযান পরিচালিত হলেও বেশিরভাগ ভাটায় জিকজাক চিমনির পাশাপাশি নিষিদ্ধ বাংলা চিমনি ব্যবহার করা হচ্ছে, যা ২০১৩ সালের পরিপত্রে অবৈধ ঘোষণা করা হয়েছিল। কিন্তু পরিবেশ অধিদপ্তর, উপজেলা ও জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর উদাসীনতার কারণে এই নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে না। 

তারা আরও জানান, ইটভাটার কালো ধোঁয়ার কারণে আশপাশের এলাকায় প্রতিদিন দুপুরের পর থেকে অন্ধকার নেমে আসে। কালো ধোঁয়ার ফলে পুড়ে যাচ্ছে গাছপালা, এবং শিশু ও বৃদ্ধদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। আগামী ৭ দিনের মধ্যে ইটভাটাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা না নিলে উপজেলা প্রশাসন ঘেরাও ও অবস্থান কর্মসূচির ঘোষণা দেন স্থানীয়রা। মানববন্ধনে কৃষক, শ্রমিক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

Post a Comment

0 Comments