ভাঙচুর ও চুরির মামলায় সাবেক ইউপি সদস্য গ্রেপ্তার

 


নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়া থেকে সাবেক ইউপি সদস্য জসিম উদ্দিনকে গ্রেপ্তার করেছে নৌবাহিনী কন্টিনজেন্ট। তিনি (৪৩) উপজেলার জাহাজমারা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।  

মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়। এর আগে, একই দিন দুপুর ১টার দিকে জাহাজমারা ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়।  

সূত্রে জানা যায়, নৌবাহিনীর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একাধিক মামলার আসামি জসিমকে জাহাজমারা ইউনিয়ন থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে হামলা, মারামারি, ভাঙচুর ও চুরিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। দীর্ঘ সময় তিনি আত্মগোপনে ছিলেন, কিন্তু সম্প্রতি এলাকায় ফিরে আসলে নৌবাহিনীর একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।  

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে থানায় দুটি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় তিনি জামিনে আছেন এবং অপর মামলার পলাতক আসামি। বুধবার সকালে তাকে বিচারিক আদালতে হাজির করা হবে।

Post a Comment

0 Comments