নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের মুটবী গ্রাম থেকে ৮ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় মাদক বিক্রির ৪,৫০০ টাকা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইলও জব্দ করা হয়।
সোমবার (২১ অক্টোবর) রাত সাড়ে ৮টায় মুটবী গ্রামের পশ্চিমপাড়ার একটি গ্যারেজ থেকে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি মো. বেলাল হোসেন (৪১), গ্রামের মৃত জালাল আহম্মদের ছেলে।
নোয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ নিশ্চিত করেন যে, বেলাল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অধিদপ্তরের কর্মকর্তারা ওই গ্যারেজে অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজা, মাদক বিক্রির নগদ ৪,৫০০ টাকা, এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল উদ্ধার করেন।
তিনি আরও জানান, এ ঘটনায় সোনাইমুড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং আটক বেলালকে গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হবে।
0 Comments