অ্যান্ড্রয়েড মোবাইল কেনার জন্য শিশুকে অপহরণ ও হত্যার দায়ে কাকাসহ ২ জনের যাবজ্জীবন*

 

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মেহেরাজ হোসেন ওরফে জিসান (৭) নামে এক শিশুকে অপহরণ ও হত্যার দায়ে আদালত দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। এছাড়া, আসামিদের দুটি ধারায় ১ লক্ষ ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।  

সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নের দৌলতপুর গ্রামের নুরুল আমিনের ছেলে আবদুর রহিম ওরফে রনি (২১) ও একই গ্রামের সহিদ উল্যার ছেলে মো. সালমান হোসেন শিবলু (২২)।  

বুধবার (২৩ অক্টোবর) দুপুর দেড়টার দিকে নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ আবদুর রহিম এই রায় ঘোষণা করেন।  

মামলার বিবরণ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, নিহত জিসান স্থানীয় জিরতলী বাজারের কাসেম উলুম মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। ২০১৯ সালের ২১ মার্চ দুপুর ১টার দিকে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে আসামি রনি ও তার বন্ধু শিবলু জিসানকে তার মায়ের অসুস্থতার কথা বলে অপহরণ করে। পরে তারা শিশুটিকে সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের শাহাদাতপুর গ্রামের একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায়। ওই দিন সন্ধ্যায় তারা জিসানকে তার জামা কাপড় দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর তার দেহের অর্ধেক মাটিতে পুঁতে রেখে পরিবার থেকে মুক্তিপণ দাবি করে।  

দু'দিন পর পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের পরিবার অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে। তদন্ত শেষে পুলিশ রনি ও শিবলুকে গ্রেপ্তার করে এবং আদালতে তাদের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয়। ২২ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আসামিদের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।  

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মামুনুর রশীদ লাভলু মামলাটি পরিচালনা করেন। তিনি জানান, ভিকটিমের পিতা প্রবাসে ছিলেন এবং আসামি রনি নিহত জিসানের দূর সম্পর্কের কাকা। মূলত অ্যান্ড্রয়েড মোবাইল কিনতে অর্থ সংগ্রহের জন্য রনি ও তার বন্ধু অপহরণ ও হত্যার পরিকল্পনা করে। আদালত দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে তাদের উপস্থিতিতে রায় ঘোষণা করেন। 

Post a Comment

0 Comments