আগ্নেয়াস্ত্র নিয়ে টিকটক ভিডিও: যুবদল আহ্বায়কসহ গ্রেপ্তার ৫

নোয়াখালীর সদর উপজেলায় যৌথবাহিনী অভিযান চালিয়ে পাঁচ অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে ২টি পাইপগান, ১টি রামদা, ২টি ছুরি, ৩টি বাটন মোবাইল এবং ৪টি অ্যান্ড্রয়েড ফোন উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে আছেন সদর উপজেলার ১৯নং পূর্ব চরমটুয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আবুল কালাম ওরফে কালন এবং তার সহযোগী মেহরাজ (৪৬), মো. লিটন (৩২), মো. সাদ্দাম (২৬), ও আবির মিয়া (১৮)।

সোমবার (২৮ অক্টোবর) বেলা ১১টার দিকে নোয়াখালী সেনাক্যাম্পের ইনচার্জ লেফটেন্যান্ট কর্নেল রিফাত আনোয়ার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে ভোরে উপজেলার ১৯নং পূর্ব চরমটুয়া ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি যুবদল নেতা কালন তার কয়েকটি অবৈধ আগ্নেয়াস্ত্র অনুসারীদের কাছে রাখতে দেন। পরে অনুসারীরা ওই অস্ত্র নিয়ে টিকটক ভিডিও তৈরি করে সামাজিক মাধ্যমে পোস্ট করলে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়দের নজরে আসে। এ তথ্যের ভিত্তিতে যৌথবাহিনী কালন ও তার সহযোগীদের আটক করে।

সদর উপজেলা যুবদলের সভাপতি আবদুর রহিম রিজভী বলেন, "তাকে গ্রেপ্তারের বিষয়টি শুনেছি। এর বেশি কিছু জানা নেই।"

নোয়াখালী সেনাক্যাম্পের ইনচার্জ লেফটেন্যান্ট কর্নেল রিফাত আনোয়ার আরও জানান, জেলার নিরীহ জনতার ওপর আক্রমণকারী সন্ত্রাসীসহ সব অবৈধ অস্ত্রধারী ও মাদক কারবারিদের আটক ও অস্ত্র উদ্ধারের অভিযান অব্যাহত রয়েছে। এই অভিযানের ধারাবাহিকতায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী চরমটুয়া এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে সুধারাম মডেল থানায় সোপর্দ করেছে।


Post a Comment

0 Comments