নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ছাত্র মো. মোস্তফা তারেক সিয়াম (২৪) বুকের ব্যথায় মারা গেছেন। বুধবার (৩০ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
সিয়াম নোবিপ্রবির শিক্ষা প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র এবং নড়াইল জেলার বাসিন্দা ছিলেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আল জকি হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, বিকেলে বিশ্ববিদ্যালয়ের মাঠে ফুটবল খেলতে গিয়ে সিয়ামের বুকে ব্যথা অনুভূত হয়। মাঠ থেকে বের হয়ে কিছুক্ষণের মধ্যে তিনি অজ্ঞান হয়ে পড়লে সহপাঠীরা তাকে নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়াবন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।
নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সৈয়দ মহিউদ্দিন আব্দুল আজিম জানান, সিয়ামকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। পরে সহপাঠীরা তার মরদেহ নিয়ে যায়।
0 Comments