নোয়াখালীতে মা-মেয়েকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

 

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। গ্রেপ্তারকৃতরা হলেন, চরএলাহী গ্রামের জয়নাল আবেদীনের ছেলে মো. রাজিব ওরফে রাজু (৩০) এবং চরবালুয়া গ্রামের নুরনবীর ছেলে মো. রাসেদ (৩৫)। 

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী কোম্পানির কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে, বুধবার চট্টগ্রামের রাঙ্গুনীয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহারের বরাতে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্যাতনের শিকার নারীর স্বামী পেশায় কাভার্ড ভ্যান চালক এবং চট্টগ্রামে অবস্থান করেন। ওই নারী উপজেলার চরএলাহী ইউনিয়নের একটি দুর্গম চরে তার ডিভোর্সী মেয়েকে নিয়ে একা থাকতেন। মাঝে মাঝে দূর সম্পর্কের এক দেবর তাদের বাড়িতে আসা-যাওয়া করতেন। ২১ অক্টোবর রাতে ছয়জন যুবক তাদের বাড়িতে এসে মা-মেয়েকে ঘর থেকে তুলে নিয়ে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে। যাওয়ার সময় তারা ঘরের টাকা-পয়সাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে এবং ঘটনাটি কাউকে না জানাতে হুমকি দেয়। ২৭ অক্টোবর বিষয়টি জানাজানি হলে পরের দিন নির্যাতিত নারী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

র‍্যাব-১১ এর সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ জানান, গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Post a Comment

0 Comments