নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরীকে দুই দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ইকবাল হোসাইন এই আদেশ দেন।
তদন্ত কর্মকর্তা সুধারাম মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. সাবজেল হোসেন এ তথ্য নিশ্চিত করেন। এর আগে গত মঙ্গলবার ১ অক্টোবর রাতে চট্টগ্রামের খুলশী এলাকা থেকে র্যাব-৭ তাকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, রিমান্ড শেষে বুধবার সকাল সোয়া ১০টায় কঠোর নিরাপত্তায় সুধারাম থানা থেকে তাকে আদালতে হাজির করা হয়। কোনো শুনানি না থাকায় আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে কড়া নিরাপত্তায় তাকে জেলা কারাগারে নেওয়া হয়।
উল্লেখ্য, ২০১৩ সালে ট্রাক শ্রমিক খোকন হত্যাকাণ্ডের ঘটনায় চলতি বছরের ৮ সেপ্টেম্বর একরামুল করিম চৌধুরীকে প্রধান আসামি করে মামলা হয়। খোকনের বাবা মজিবুল হক সুধারাম মডেল থানায় এ মামলা করেন। মামলায় বলা হয়, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি হরতাল চলাকালে বিএনপি-জামায়াতের কর্মীরা নোয়াখালী সদর উপজেলার দত্তেরহাটে জড়ো হয়। সেই সময় আওয়ামী লীগ নেতারা তাদের ওপর হামলা চালায়। গুলি বিনিময়ের ঘটনায় খোকন গুলিবিদ্ধ হয়ে মারা যান।
0 Comments