মা-মেয়েকে তুলে নিয়ে গণধর্ষণ, আটক ২

 

নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক নারী ও তার মেয়েকে ঘর থেকে তুলে নিয়ে গণধর্ষণের অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৬ অক্টোবর) রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ ঘটনায় মামলা নেওয়া হচ্ছে। এর আগে, গত রোববার রাতে উপজেলার চর এলাহী ইউনিয়নের দুর্গম চরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

আটক ব্যক্তিরা হলেন হাসান (৩৬) ও হারুন (৩২), তারা চর এলাহী ইউনিয়নের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, নির্যাতিত নারীর (৩৫) স্বামী চট্টগ্রামে গাড়ি চালান, এবং তিনি নিজ বাড়িতে তার ডিভোর্সপ্রাপ্ত মেয়েকে নিয়ে বসবাস করতেন। তার এক দূর সম্পর্কের দেবর প্রায় তাদের বাড়িতে যাতায়াত করতেন, যা স্থানীয় রাশেদ, সাইফুল, হাসান, হারুন, রাজু ও ইব্রাহিমের মধ্যে সন্দেহের জন্ম দেয়। গত রোববার রাত ১১টার দিকে এই ছয় যুবক ভুক্তভোগীর বাড়িতে প্রবেশ করে। তারা দরজা খুলে ঘরে ঢুকে ওই দেবরকে (২১) বেঁধে ফেলে এবং মা-মেয়েকে ঘর থেকে বের করে নিয়ে যায়।

ভুক্তভোগী নারী জানান, তিনজন তাকে টেনে বাড়ির পুকুর পাড়ে নিয়ে যায়, আর বাকিরা তার মেয়েকে রান্নাঘরের পাশে নিয়ে যায়। সেখানে রাত তিনটা পর্যন্ত পালাক্রমে তারা মা-মেয়েকে ধর্ষণ করে। যাওয়ার সময় তারা ঘর থেকে টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে এবং কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে পুলিশ দুইজনকে আটক করেছে। নির্যাতিত নারী ও তার মেয়েকে থানায় আনা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Post a Comment

0 Comments