ছাত্রদল নেতাকে হাঁটুতে গুলি করার অভিযোগ



নোয়াখালীর বেগমগঞ্জে মাদক সেবনে বাধা দেওয়ায় এক ছাত্রদল নেতাকে গুলি করার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার আমান উল্যাহপুর ইউনিয়নের কাঁচিহাটা বাজারে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ইব্রাহিম মাসুম (২৭) ওই ইউনিয়নের ছাত্রদলের সাধারণ সম্পাদক।

বেগমগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক খোরশেদ আলম জানান, স্থানীয়দের বরাতে জানা যায়, বুধবার সকালে কাঁচিহাটা বাজারের পাশে এক যুবক ইয়াবা সেবন করছিল। তখন কিছু যুবক তাকে আটক করে এবং ছাত্রদল নেতা মাসুমও ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে মারধর করতে উদ্যত হন। এ সময় শিবিরের কয়েকজন যুবক ফোনে মাসুমকে জানায়, বিষয়টি তারা বিকেলে মীমাংসা করবে এবং আটক যুবককে ছেড়ে দিতে বলে। এরপর ছেলেটিকে ছেড়ে দেওয়া হয়।

তিনি আরও জানান, সন্ধ্যায় মাসুম কাঁচিহাটা বাজারে আড্ডা দিচ্ছিলেন। এ সময় কয়েকজন যুবক এসে তাকে মারধর করে। পরে মাসুম প্রাথমিক চিকিৎসা নিতে একটি ফার্মেসিতে গেলে মোটরসাইকেলে এসে ওই যুবকরা আবারও তার ওপর হামলা চালায়। একপর্যায়ে মাসুমের বাম পায়ে অস্ত্র ঠেকিয়ে গুলি করে তারা পালিয়ে যায়।

জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন জানান, তিনি খবর পেয়েই উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক খোরশেদ আলমকে ঘটনাস্থলে পাঠিয়েছেন, এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার জানান, সকালে মারধরের শিকার যুবক জামায়াতের সঙ্গে সম্পৃক্ত এবং ছাত্রদলে আগের কিছুদিন যুক্ত ছিল। ইয়াবা সেবনের অভিযোগ মিথ্যা বলে দাবি করে তিনি জানান, এটি মামলা সাজানোর জন্য দেওয়া হতে পারে।

নোয়াখালী পুলিশ সুপার মো. আবদুল্লাহ আল ফারুক জানান, ঘটনা শুনে সেনাবাহিনী ও পুলিশের দুটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। গুলিবিদ্ধ মাসুম নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ঘটনার প্রকৃত কারণ এখনো জানা যায়নি।

Post a Comment

0 Comments