নোয়াখালীর বেগমগঞ্জে স্টার লাইন পরিবহনের একটি বাসের চাপায় মা-ছেলেসহ একই পরিবারের ৩ জনের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত চালককে র্যাব-১১ গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার হওয়া মো. আনোয়ার হোসেন (৩৬) লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জের মৃত মো. বসির উল্যার ছেলে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারি ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং রাত ৯টার দিকে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়। এ তথ্য নিশ্চিত করেন চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি রুহুল আমিন। তিনি জানান, ঘটনার ২৬ দিন পর র্যাব-১১ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে।
উল্লেখ্য, গত ৩ আগস্ট বেগমগঞ্জের দোকানঘর এলাকায় স্টার লাইনের একটি দ্রুতগতির বাস উল্টো পথে গিয়ে একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে সিএনজি চালক জসিম উদ্দিন, তার মা তাহেরা বেগম ও ভাবী কোহিনুর বেগম ঘটনাস্থলেই নিহত হন। ঘটনার পর বাসচালক গাড়ি ফেলে পালিয়ে যান।
ওসি রুহুল আমিন আরও জানান, নিহত সিএনজি চালকের ভাই বাদী হয়ে সড়ক পরিবহন আইনে বেগমগঞ্জ থানায় চালকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। বুধবার দুপুরে আসামিকে গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।
0 Comments