Noakhali Sadar
আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মীদের স্লোগান
নোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আওয়ামী লীগের নেতাকর্মীরা "জয় বাংলা" স্লোগান দিয়েছেন। ৫ আগস্টের পর থেকে নেতাকর্মীদের এমন প্রকাশ্যে সক্রিয়তা নিয়ে জেলায় বিরোধী রাজনৈতিক শিবিরে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
সোমবার (২১ অক্টোবর) বেলা ১১টা ৩০ মিনিটে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকশ্রমিক মো. খোকন হত্যা মামলার শুনানির জন্য নোয়াখালী-৪ (সদর ও সুবর্ণচর) আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরীকে আদালতে হাজির করা হয়। এ সময় আওয়ামী লীগের প্রায় ১০০-১৫০ জন নেতাকর্মী আদালত প্রাঙ্গণে উপস্থিত ছিলেন। শুনানি শেষে একরামুলকে কারাগারে নেওয়ার সময় তারা সাবেক এমপির মুক্তির দাবিতে স্লোগান দিতে শুরু করেন। তাদের স্লোগানে ছিল, “একরাম ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই”, “শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই”, “জাতির পিতা শেখ মুজিব লও লও লও সালাম”।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রহমান এ বিষয়ে বলেন, “আমাদের আইনজীবী ফোরামের বিষয়টি নজরে রাখা উচিত ছিল, তারা ভুল করেছে। খবর পেয়ে আমি তাৎক্ষণিকভাবে কোর্টে সংশ্লিষ্টদের সাথে কথা বলেছি। এমপি একরামের রিমান্ডের আবেদনের বিষয়টি আমাদের জানানো হয়নি।”
সুধারাম থানার ওসি কামরুল ইসলাম জানান, “বিষয়টি আমি শুনেছি। আমি তখন স্কটের সামনে ছিলাম, কিন্তু পেছনে কী হয়েছে, তা বলতে পারি না।”
প্রসঙ্গত, একই দিন বেলা সোয়া ১১টায় নোয়াখালী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সাবেক এমপি একরামুল করিম চৌধুরীকে ট্রাকশ্রমিক মো. খোকন হত্যার ঘটনায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন ।
0 Comments