নোয়াখালী-৪ (সদর ও সুবর্ণচর) আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরীকে ট্রাকশ্রমিক মো. খোকন (১৭) হত্যার ঘটনায় আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
সোমবার (২১ অক্টোবর) বেলা ১১টা ১৫ মিনিটে নোয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১নং আমলি আদালতের বিচারক ইকবাল হোসাইন এ আদেশ দেন।
নোয়াখালী কোর্ট ইন্সপেক্টর শাহ আলম এবং মামলার তদন্তকারী কর্মকর্তা, সুধারাম মডেল থানার পুলিশ পরিদর্শক মো. সাবজেল হোসেন এই তথ্য নিশ্চিত করেন।
এর আগে, বেলা ১০টা ৩০ মিনিটে সাবেক এমপি একরামুলকে আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিলের জন্য জামিন আবেদন করেন।শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, ২০১৩ সালে নোয়াখালীতে ট্রাকশ্রমিক খোকন নিহতের ঘটনায়, গত ৮ সেপ্টেম্বর নিহতের বাবা মজিবুল হক বাদী হয়ে নোয়াখালী-৪ আসনের সাবেক এমপি একরামুল করিম চৌধুরীসহ আওয়ামী লীগের ৫৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার বিবরণীতে বলা হয়েছে, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি হরতালের দিন, বিএনপি-জামায়াতের মিছিলের ওপর আওয়ামী লীগ নেতারা অতর্কিত হামলা চালায়। সেই হামলায় সাবেক এমপি একরামুলের গুলিতে খোকন নিহত হয়।
0 Comments