হাতিয়ায় জোয়ারের পানিতে ভেসে ৫ বছরের শিশুর মৃত্যু


নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় লঘুচাপের প্রভাবে সৃষ্ট অস্বাভাবিক জোয়ারের পানিতে ভেসে গিয়ে মো. মাহি (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মোল্লা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পরে বিকেল ৪টার দিকে বাড়ির পাশের একটি চোরা খাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মাহি ওই গ্রামের বাসিন্দা ও ব্যাটারিচালিত অটোরিকশাচালক মো. মামুনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি বছরের মে মাসে মাহির পরিবার মোল্লা গ্রামে নতুন বাড়ি নির্মাণ করে বসবাস শুরু করে। গত কয়েক দিন ধরে লঘুচাপের প্রভাবে অস্বাভাবিক জোয়ারে পুরো এলাকা প্লাবিত ছিল।

ঘটনার সময় মাহির মা তাহমিনা আক্তার শিশুটিকে ঘরে রেখে টিউবওয়েল থেকে পানি আনতে বাইরে যান। এ সুযোগে মাহি ঘর থেকে বের হয়ে জোয়ারের পানিতে ভেসে যায়। পরিবারের সদস্যরা ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পর বিকেল ৪টার দিকে বাড়ির পাশের চোরা খালে তার ভাসমান মরদেহ দেখতে পান। পরে স্থানীয় বাসিন্দা বেলাল মরদেহটি উদ্ধার করেন।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জোয়ারের পানিতে ভেসে যাওয়ার কারণেই শিশুটির মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Post a Comment

0 Comments