নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুমদ্বীপে জোয়ারের পানিতে ভেসে আসা এক অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ কেওড়া বাগানে পড়ে থাকার ঘটনা স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। মরদেহ উদ্ধারে বিলম্ব হওয়ায় পুলিশ ও নৌ পুলিশের মধ্যে সমন্বয়হীনতার অভিযোগ তুলেছেন এলাকাবাসী।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল প্রায় ১১টার দিকে নিঝুমদ্বীপ ইউনিয়নের হাসি মার্কেট সংলগ্ন ৯ নম্বর ওয়ার্ডের একটি কেওড়া বাগানে মরদেহটি দেখতে পান স্থানীয়রা। তাদের দাবি, জোয়ারের পানির সঙ্গে মরদেহটি ভেসে এসে বাগানের ভেতরে আটকে যায়।
স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন পানিতে থাকার কারণে মরদেহটি অর্ধগলিত অবস্থায় রয়েছে। এখন পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। বিষয়টি জানার পর পুলিশকে খবর দেওয়া হলেও রাত পর্যন্ত মরদেহটি উদ্ধার করা হয়নি বলে অভিযোগ করেন তারা।
এলাকাবাসীর অভিযোগ, ঘটনাস্থলটি কার অধিক্ষেত্রে পড়বে—এ নিয়ে পুলিশ ও নৌ পুলিশের মধ্যে সমন্বয়ের অভাব থাকায় মরদেহ উদ্ধারে বিলম্ব হয়েছে।
নিঝুমদ্বীপ ইউনিয়ন নৌ পুলিশ কেন্দ্রের ইনচার্জ আশিকুর রহমান জানান, তারা বিষয়টি জানতে পেরেছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে, হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে যায়। তবে মরদেহটি নদীর তীরবর্তী এলাকায় থাকায় এটি নৌ পুলিশের আওতাধীন। এছাড়া কেওড়া বাগানটি মূল সড়ক থেকে প্রায় এক কিলোমিটার ভেতরে এবং জোয়ারের পানিতে তলিয়ে থাকায় তাৎক্ষণিকভাবে মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, পরিস্থিতি অনুকূলে এলে শুক্রবার সকালে মরদেহটি উদ্ধার করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
0 Comments