নোয়াখালীর সদর উপজেলায় অভিযান চালিয়ে দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হাতিয়া উপজেলার শূণ্যের চর এলাকার মিরাজ উদ্দিনের ছেলে মো. ফয়সাল (৩৫) এবং সুবর্ণচর উপজেলার চর আলাউদ্দিন এলাকার রফিক উল্লাহর ছেলে জাহাঙ্গীর আলম (৩২)।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, শুক্রবার রাতে সদর উপজেলার কাঞ্চন মেম্বারের পুল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১২ জুলাই রাত ১০টার দিকে নোয়াখালী জেলা শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে বিডিনিউজ ও ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি আবু নাছের মঞ্জুর মোটরসাইকেল চুরি হয়। পরদিন তিনি সুধারাম মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এদিকে প্রায় দুই মাস আগে সোনাপুর এলাকা থেকে জয়দেব নামে এক যুবকের মোটরসাইকেলও চুরি হয়েছিল। শুক্রবার চোর চক্রের সদস্য ফয়সাল মোটরসাইকেলটি ফেরত দেওয়ার আশ্বাস দিয়ে বিকাশের মাধ্যমে জয়দেবের কাছ থেকে ১০ হাজার টাকা আদায় করেন। টাকা নেওয়ার পরও মোটরসাইকেল ফেরত দিতে নানা অজুহাত দেখাতে থাকেন তিনি।
পরে আরও টাকা দেওয়ার কথা বলে জয়দেব ও তার বন্ধুরা কৌশলে ফয়সাল ও জাহাঙ্গীরকে নির্ধারিত স্থানে ডেকে আনেন এবং বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে সুধারাম মডেল থানার এসআই ফখরুল ইসলামের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করে।
অভিযানের সময় প্রথমে সাংবাদিক আবু নাছের মঞ্জুর চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। পরে গ্রেপ্তারদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাতেই জয়দেবের মোটরসাইকেলটিও উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।
ওসি মো. নজরুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ফয়সাল ও জাহাঙ্গীর একটি আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। চক্রটি দীর্ঘদিন ধরে এক জেলা থেকে মোটরসাইকেল চুরি করে অন্য জেলায় পাচার করে আসছিল। সাম্প্রতিক সময়ে নোয়াখালী থেকেও তারা আরও কয়েকটি মোটরসাইকেল চুরি করেছে বলে পুলিশের ধারণা।
তিনি আরও জানান, চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় দায়ের করা দুটি মামলায় গ্রেপ্তার দুই আসামিকে শনিবার আদালতে পাঠানো হবে।

0 Comments