নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. আব্দুর রহমান সুমন (৩৮) নামে এক উপসহকারী কৃষি কর্মকর্তার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চৌমুহনী-ছমিরমুন্সিরহাট সড়কের রোহিতার পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুমন নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নের বাসিন্দা এবং আব্দুর রশীদ খানের ছেলে। তিনি বেগমগঞ্জ উপজেলা কৃষি অফিসে উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শ্বশুরবাড়ি থেকে মোটরসাইকেলে করে একলাশপুর ইউনিয়নে কৃষক কার্ডের তথ্য সংগ্রহের কাজে যাচ্ছিলেন সুমন। পথে রোহিতার পোল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও স্থানীয়রা ট্রাকটি আটক করে পুলিশে খবর দেন।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে এসেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
0 Comments