নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় প্রকাশ্যে মাদক সেবনের অভিযোগে এক যুবককে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সোমবার (৬ জুলাই) রাতে চৌমুহনী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের খালপাড় এলাকায় নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষার অভিযানের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন।
অভিযান চলাকালে প্রকাশ্যে মাদক সেবনের অভিযোগে নুর মোহাম্মদ বিজয় (২৫) নামে এক যুবককে আটক করা হয়। তিনি চৌমুহনী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং সুরুজ্জামান সবুজের ছেলে।
পরে ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় তাকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। আদালতের রায় কার্যকর করতে দণ্ডপ্রাপ্তকে নোয়াখালী জেলা কারাগারে পাঠানো হয়েছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক সেবন ও অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে।

0 Comments