নোয়াখালীর সেনবাগ উপজেলায় বিশ্বকাপ ফুটবল ম্যাচ দেখা নিয়ে স্ত্রী-স্বামীর মধ্যে পারিবারিক বিরোধের জেরে মো. আলাউদ্দিন ওরফে রায়হান (২৭) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (২০ জুলাই) ভোরে উপজেলার কেশারপাড় ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কেশারপাড় গ্রামের মাইজ্জা মিয়ার বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত রায়হান ওই গ্রামের কুয়েতপ্রবাসী আব্দুল বারেকের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি সৌদি আরবে কর্মরত ছিলেন। প্রায় এক বছর আগে দেশে ফেরার পর পাঁচ থেকে ছয় মাস আগে বিয়ে করেন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রোববার দিবাগত রাতে রায়হান কানকিরহাট বাজারে বন্ধুদের সঙ্গে আর্জেন্টিনা-স্পেনের বিশ্বকাপ ফুটবল ম্যাচ উপভোগ করেন। খেলা শেষে ভোররাতে বাড়ি ফিরলে বাইরে খেলা দেখা এবং দেরিতে বাড়ি ফেরাকে কেন্দ্র করে স্ত্রী মারজান আক্তার মমতাজের (১৮) সঙ্গে তার কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে স্ত্রী বাবার বাড়িতে চলে যাওয়ার কথা বলে ঘর থেকে বেরিয়ে গেলে রায়হান আত্মহত্যার হুমকি দেন। পরে স্ত্রী কিছু দূর যাওয়ার পর ফিরে এসে দেখতে পান, রায়হান সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলছেন। পরে পরিবারের সদস্যরা বিষয়টি পুলিশকে জানান।
স্থানীয়রা আরও জানান, সোমবারই রায়হানের পুনরায় সৌদি আরবে যাওয়ার ভিসা হাতে আসে। কিন্তু তার আগেই ঘটে এই মর্মান্তিক ঘটনা।
খবর পেয়ে সেনবাগ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুপুরে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম সরকার জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
0 Comments