নোয়াখালীতে পুকুর সেচের সময় অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

 

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় একটি পুকুর সেচের সময় কচুরিপানার নিচ থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তির বয়স ৫০ বছরের বেশি।

শুক্রবার (১৩ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার চরপার্বতী ইউনিয়নের মেহেরুন্নেসা উচ্চ বিদ্যালয়ের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে বিদ্যালয়টির পুকুরে মাছ ধরার জন্য সেচ মেশিন বসানো হয়। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে পুকুরের পানি কমে গেলে স্থানীয়রা মাছ ধরার প্রস্তুতি নিতে কচুরিপানা সরাতে শুরু করেন। এ সময় কচুরিপানার নিচে একটি মরদেহ দেখতে পান তারা। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম জানান, উদ্ধার হওয়া মরদেহটি অর্ধগলিত অবস্থায় রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি প্রায় এক মাস আগে থেকে পুকুরে পড়ে থাকতে পারে। পচন ধরায় এখনো পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Post a Comment

0 Comments