নোয়াখালীর চাটখিল উপজেলায় এক সৌদি প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাড়ির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ব্যক্তি চাটখিল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
গত সোমবার (৫ জানুয়ারি) রাতে অভিযোগটি থানায় জমা দেওয়া হয়। এর আগে, গত ২ থেকে ৫ জানুয়ারির মধ্যে যেকোনো এক সময় চাটখিল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ফতেহপুর গ্রামের রিয়াজ উদ্দিন পাটেয়ায়ারী বাড়িতে এই চুরির ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
লিখিত অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, সৌদি আরবে অবস্থানরত প্রবাসী সোলাইমান ও তাঁর পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে বাড়ির বাইরে থাকায় বাড়িটির দেখাশোনার দায়িত্বে ছিলেন কেয়ারটেকার আলপনা বেগম। গত ২ জানুয়ারি চিকিৎসকের কাছে যাওয়ার উদ্দেশ্যে তিনি ঢাকায় যান। যাওয়ার আগে তিনি পাকা ভবনের সব দরজা-জানালা ভালোভাবে বন্ধ করে যান।
পরে সোমবার সন্ধ্যায় বাড়িতে ফিরে তিনি দেখতে পান, ভবনের রান্নাঘরের এক্সজাস্ট ফ্যান ভেঙে চোরেরা ভেতরে প্রবেশ করেছে। এ সময় ঘরের ভেতর থেকে ৭টি সিলিং ফ্যান, গ্যাসের সিলিন্ডার ও চুলা, বৈদ্যুতিক তার, পানির মোটরসহ আনুমানিক দেড় লাখ টাকা মূল্যের মালামাল চুরি হয়ে গেছে।
এ ছাড়া প্রবাসীর বাবা, সাবেক সেনাসদস্য মরহুম আবুল কালাম-এর বিভিন্ন পুরস্কারপ্রাপ্ত ব্যাজ, গিফট সামগ্রী, মেডেল, সার্টিফিকেট, পেনশনের বই এবং গুরুত্বপূর্ণ কাগজপত্রও চোরেরা নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

0 Comments