নোয়াখালীর ৬ আসনে ৬২ প্রার্থীর মনোনয়ন দাখিল


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশে নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনে মোট ৬২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এবার নির্বাচনে অংশ নিতে মোট ৮৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। মনোনয়ন দাখিলের শেষ দিনে ছয়টি আসনে ৬২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন।

আসনভিত্তিক হিসেবে নোয়াখালী-১ (চাটখিল ও সোনাইমুড়ী আংশিক) আসনে ৮ জন, নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ী আংশিক) আসনে ১০ জন, নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে ৭ জন, নোয়াখালী-৪ (সদর ও সুবর্ণচর) আসনে ৮ জন, নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ, কবিরহাট ও সদরের দুই ইউনিয়ন) আসনে সর্বোচ্চ ১৫ জন এবং নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মনোনয়নপ্রাপ্তদের মধ্যে বিএনপির ৬ জন এবং জামায়াতে ইসলামের ৬ জন প্রার্থী রয়েছেন। এছাড়া নোয়াখালী-৬ আসনে বিএনপির দুই শক্তিশালী বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফজলুল আজিম এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীব। নোয়াখালী-২ আসনে কাজী মোহাম্মদ মফিজুর রহমান এবং নোয়াখালী-৫ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মওদুদ আহমদের স্ত্রী হাসনা জসীম উদ্দীন মওদুদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন।

এদিকে, ছয়টি আসনেই বিএনপির দলীয় প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন— নোয়াখালী-১ আসনে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, নোয়াখালী-২ আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, নোয়াখালী-৩ আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্ল্যা বুলু, নোয়াখালী-৪ আসনে ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, নোয়াখালী-৫ আসনে ফখরুল ইসলাম এবং নোয়াখালী-৬ আসনে মাহবুবের রহমান শামীম।

সংশোধিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই কার্যক্রম চলবে ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারি, আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি।

Post a Comment

0 Comments