আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীব। দলীয় মনোনয়ন না পাওয়ায় তিনি স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে নোয়াখালী জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মুহাম্মদ শফিকুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন তানভীর উদ্দিন রাজীব। এদিকে নোয়াখালী-৬ সংসদীয় আসনে গত শনিবার পর্যন্ত মোট ৭৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামীকাল ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।
এই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীবসহ অন্তত অর্ধডজন নেতা। দলীয় মনোনয়ন না পাওয়ায় বিএনপির তিনজন নেতাকর্মী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এতে ভোটের মাঠে দলের ওপর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় নেতাকর্মীরা। উল্লেখ্য, নোয়াখালী-৬ আসনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমের নাম ঘোষণা করা হয়েছে। তার মনোনয়ন ঘোষণার পর থেকেই সাবেক সংসদ সদস্য ফজলুল আজিম এবং প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীবের অনুসারীরা প্রার্থী পরিবর্তনের দাবিতে মাঠে সক্রিয় রয়েছেন। অন্যদিকে, এ আসনে এনসিপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।
নোয়াখালী জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মুহাম্মদ শফিকুল ইসলাম জানান, শনিবার পর্যন্ত জেলার ছয়টি সংসদীয় আসনে মোট ৭৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বিকেল ৫টার পর এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।
সংশোধিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই কার্যক্রম চলবে ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।

0 Comments