নোয়াখালীতে ‘বীর মুক্তিযোদ্ধা শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট ম্যাচ–২০২৫’

 

গণতন্ত্র পুনরুদ্ধারে ফ্যাসিবাদের বিরুদ্ধে আপসহীন ছিলেন তারেক রহমান: নাছির উদ্দিন নাছির

দীর্ঘ দেড় দশক ধরে চলমান ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে দেশের মানুষের ভোটাধিকার, গণতন্ত্র ও নাগরিক স্বাধীনতা পুনরুদ্ধারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশ-বিদেশে থেকেও নিরবচ্ছিন্নভাবে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় অনুষ্ঠিত ‘বীর মুক্তিযোদ্ধা শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট প্রীতি ম্যাচ–২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সদর ও সুবর্ণচর উপজেলা ছাত্রদলের যৌথ আয়োজনে সৈকত সরকারি কলেজ মাঠে এ প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।

নাছির উদ্দিন নাছির বলেন, “গত ১৫ বছরে দেশের মানুষ ভোটাধিকার, বাকস্বাধীনতা ও মৌলিক মানবাধিকার থেকে বঞ্চিত হয়েছে। এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে তারেক রহমান আপসহীন অবস্থান নিয়ে আন্দোলন-সংগ্রামের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন।”

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামী ২৫ ডিসেম্বর দেশে প্রত্যাবর্তনকে ঘিরে সারাদেশে ব্যাপক গণজাগরণ সৃষ্টি হয়েছে।
“এটি শুধু একটি রাজনৈতিক ঘটনা নয়, বরং গণতন্ত্রকামী মানুষের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। ঢাকায় লাখো মানুষ তাকে স্বাগত জানাতে প্রস্তুত রয়েছে,”—বলেন তিনি।

অনুষ্ঠানে সদ্য প্রয়াত ওসমান হাদীর প্রসঙ্গ টেনে নাছির উদ্দিন নাছির বলেন, “ওসমান হাদী গণতন্ত্রে বিশ্বাসী ছিলেন। তিনি মনে করতেন—গণতন্ত্র ছাড়া রাষ্ট্রের অগ্রগতি সম্ভব নয়।”
তিনি ওসমান হাদী হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

গণমাধ্যমের স্বাধীনতা নিয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে গণমাধ্যমকে লক্ষ্যবস্তু বানিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, যা গণতন্ত্রের জন্য মারাত্মক হুমকি।”

স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রসঙ্গে ছাত্রদল নেতা বলেন, “বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব একাধিক ব্যক্তি পালন করছেন। তাহলে কেবল একজনের পদত্যাগ কেন দাবি করা হচ্ছে—এই প্রশ্নের উত্তর জাতির জানা প্রয়োজন।”

এদিকে প্রীতি ক্রিকেট ম্যাচে ‘তারুণ্যের সুবর্ণচর’‘অদম্য সদর’ নামে দুটি দল অংশ নেয়। উত্তেজনাপূর্ণ লড়াই শেষে ‘তারুণ্যের সুবর্ণচর’ দল বিজয় অর্জন করে।

খেলাকে কেন্দ্র করে রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যক্তিসহ বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে পুরো মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। আয়োজকরা জানান, ইতিহাস, চেতনা ও ক্রীড়ার সমন্বয়ে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

Post a Comment

0 Comments