ব্যবসায়ীদের হাতে আটক, পরে পুলিশের কাছে সোপর্দ
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় জাল টাকাসহ এক কৃষকদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় ব্যবসায়ীরা ২৪ হাজার টাকার জাল নোটসহ তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. নুর আলম (৩৫)। তিনি সদর উপজেলার পূর্ব চরমটুয়া ইউনিয়নের পূর্ব চরমটুয়া গ্রামের মো. ইব্রাহিমের ছেলে এবং ওই ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, বৃহস্পতিবার রাতে উপজেলার আবদুল্লাহ মিয়ার হাট বাজার থেকে তাকে আটক করা হয়।
কীভাবে ধরা পড়লেন নুর আলম
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে নুর আলম এক বান্ডিল জাল টাকা নিয়ে বাজারে যান। সেখানে একটি মুদিদোকান থেকে সুজি কিনে এক হাজার টাকার নোট দিয়ে দাম পরিশোধ করেন। দোকানদার টাকা ফেরত দেওয়ার পর সন্দেহবশত নোটটি পরীক্ষা করে দেখেন— এটি জাল।
পরে তিনি আশপাশের দোকানিদের বিষয়টি জানালে ব্যবসায়ীরা বাজারের এক পাশে নুর আলমকে ধরে ফেলেন। এ সময় নুর আলম স্বীকার করেন, তার কাছে আরও জাল নোট আছে। পরবর্তীতে তার কাছ থেকে মোট ২৪ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।
পুলিশের বক্তব্য
চরজব্বর থানার ওসি মো. শাহীন মিয়া বলেন,
“অভিযুক্ত নুর আলমের কাছ থেকে ২৪ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে শুক্রবার বিকেলে আদালতে সোপর্দ করা হবে।”

0 Comments