নোয়াখালীতে টাইফয়েড টিকাদান বিষয়ক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

‘শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ প্রকল্পের আওতায় নোয়াখালীতে টাইফয়েড টিকাদান বিষয়ক একটি ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে জেলা তথ্য অফিস, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে এবং ইউনিসেফের সহযোগিতায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ মনির হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মরিয়ম সিমি।

সহকারী পরিচালক তানভীর মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর উদ্দিন মোঃ জাহাঙ্গীর, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইসরাত নাসিমা হাবিব, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আবদুল্লাহ আল মাসউদ এবং গণযোগাযোগ অধিদপ্তর ঢাকার সহকারী পরিচালক উজ্জ্বল হোসেন।

বক্তারা জানান, আগামী ১২ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত জেলার ৯টি উপজেলা ও ৮টি পৌরসভায় একযোগে টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু হবে, যা চলবে টানা ১৮ দিন। এর মধ্যে প্রথম ১০ দিন শিক্ষা প্রতিষ্ঠানে এবং পরবর্তী ৮ দিন স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে কার্যক্রম চলবে।

এই কর্মসূচির আওতায় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সব শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি/সমমান পর্যন্ত সব শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে। ক্যাম্পেইন শেষে এ টিকাদান কার্যক্রমকে নিয়মিত টিকাদান কর্মসূচির অন্তর্ভুক্ত করা হবে।

 

Post a Comment

0 Comments