চালকের ঘুমে নিভে গেল সাত প্রাণ — নোয়াখালীতে খালে পড়ে মাইক্রোবাস, এক পরিবারের সাতজন নিহত

 

নোয়াখালীর বেগমগঞ্জে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক পরিবারের সাতজন সদস্য নিহত হয়েছেন। বুধবার (৬ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে নোয়াখালী-লক্ষীপুর সড়কের গজদীশপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাইক্রোবাস চালক ঘুমিয়ে পড়ায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে পড়ে যায়।

নিহতরা সবাই ওমানপ্রবাসী বাহার উদ্দিনের পরিবারের সদস্য। তাদের মধ্যে রয়েছেন—মা মোরশিদা (৫৫), স্ত্রী কবিতা (২৪), মেয়ে মিম, ভাবি লাবনী (৩০), ভাতিজি রেশমী (৮), লামিয়া (৯) এবং ৮০ বছর বয়সী নানী। তারা লক্ষীপুর জেলার হাজিপাড়া ইউনিয়নের পশ্চিম চওপল্লী গ্রামের বাসিন্দা।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক হোসেন ভূঁইয়া জানান, ঢাকা বিমানবন্দর থেকে বাহার উদ্দিন ও তার পরিবারের সদস্যদের নিয়ে আসছিল মাইক্রোবাসটি। গজদীশপুর এলাকায় চালক ঘুমিয়ে পড়ায় মাইক্রোবাসটি সড়ক থেকে ছিটকে খালে পড়ে। ঘটনাস্থলেই ৭ জনের মৃত্যু হয়।

স্থানীয়রা তড়িঘড়ি করে উদ্ধার অভিযান চালায় এবং নিহতদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সবাইকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, দুর্ঘটনার পর চালক পালিয়ে যায়। মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে এবং নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে। দুর্ঘটনা নিয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এই করুণ দুর্ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Post a Comment

0 Comments