নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ ১৪ ডাকাত গ্রেপ্তার

 

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চর ঘাসিয়া এলাকা থেকে আগ্নেয়াস্ত্রসহ ১৪ জন ডাকাতকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড। তাদের কাছ থেকে একটি একনলা বন্দুক, দুটি এলজি, ছয়টি দা ও ছয়টি ছুরি উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) ভোররাতে গ্রেপ্তারকৃতদের হাতিয়া থানায় হস্তান্তর করা হয়। এর আগে রোববার রাত ৩টার দিকে উপজেলার হরণী ইউনিয়নের চর ঘাসিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন বিপ্লব চন্দ্র দাস (৪৬), শিমুল চন্দ্র দাস (২২), মিটন চন্দ্র দাস (২১), যুবরাজ চন্দ্র দাস (২৮), বিভেষ মজুমদার (৩৮), মো. আব্দুল্লাহ (২৬), রিয়াজ উদ্দিন (২২), মো. নিজাম উদ্দিন (৬০), রণজিৎ চন্দ্র দাস (৪৩), মো. মামুন (২৮), রাজীব চন্দ্র দাস (২৭), মো. এমরান (৪০), মো. কাশেম (৫৩) এবং মো. রিয়াজ (২৪)।

কোস্টগার্ড জানিয়েছে, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ ডাকাত দল চর ঘাসিয়ার গহিন জঙ্গলে আস্তানা গড়ে নিরীহ মানুষের ট্রলার, গরু-মহিষ ডাকাতি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই ডাকাতদের গ্রেপ্তার করা হয়।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আসামিদের মঙ্গলবার দুপুরে বিচারিক আদালতে হাজির করা হবে।

Post a Comment

0 Comments